কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনে পরাজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে দলের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হন। ফলাফল ঘোষণার পর কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানের কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়।

ঘটনার পর কুষ্টিয়ার মজমপুর এলাকায় কৃষক দলের নেতা আরিফুর রহমান সুমনকে বাম হাতে ব্যান্ডেজ করা অবস্থায় দেখা গেছে। তবে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানা পুলিশ–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছে কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।