গণভোটকে সামনে রেখে রংপুরে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত কর্মসূচির মাধ্যমে এ প্রচারণা শুরু হয়। এ সময় গণভোটের পক্ষে সচেতনতা বাড়াতে একটি ভ্রাম্যমাণ প্রচারণা ভ্যানে তথ্যভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও একটি নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়।
ডকুমেন্টারি প্রদর্শনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ ও মুখ্য সমন্বয়ক আসিফ আল ইসলামের নেতৃত্বে একটি বিশাল প্রচারণা র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন মোড়ে মোড়ে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনের আহ্বান জানায়। র্যালিতে অংশগ্রহণকারীরা বৈষম্যহীন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রিফাত রশীদ বলেন, দেশব্যাপী ‘হ্যাঁ মার্চ’ কর্মসূচির অংশ হিসেবেই রংপুরে এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে হবে। এখনো নানা মহল জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মুখ্য সমন্বয়ক আসিফ আল ইসলাম বলেন, গণভোট নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর পর্যাপ্ত আগ্রহ চোখে পড়ছে না। ক্ষমতার মোহে তারা গণভোটের গুরুত্ব অবমূল্যায়ন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মতামত উপেক্ষা করলে ভবিষ্যতে রাজনৈতিকভাবে এর মূল্য দিতে হবে।
এর আগে দিনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা শহীদ আবু সাঈদ ও শহীদ সোহাগের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। এ সময় তারা শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।