আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নিতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

ব্যাপক প্রস্তুতি, মাঠজুড়ে কর্মচাঞ্চল্য

স্থানীয় জামায়াত নেতারা জানান, জনসভাস্থলে মঞ্চ নির্মাণ, ভেন্যু পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক আয়োজন শেষ পর্যায়ে। কয়েক দিন ধরেই নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের পক্ষে জনসমর্থন বাড়ছে, যার প্রতিফলন এই সমাবেশে দেখা যাবে।

টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, “আগামীকালের জনসভার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের কর্মী ও রুকন মিলিয়ে সংখ্যাটা লাখ ছাড়িয়েছে। ঠিক কত মানুষ উপস্থিত হবে, তা বলা কঠিন। তবে কয়েক লাখ মানুষের সমাগম হবে—এটা আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি।”

তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমানকে মানবিক ও জনবান্ধব নেতা হিসেবে মানুষ চেনে। তার আগমন টাঙ্গাইলের জন্য একটি বড় ঘটনা এবং সাংগঠনিকভাবেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন রাজনৈতিক ইতিহাসের প্রত্যাশা

টাঙ্গাইল-৫ (সদর) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াত আমিরের আগমন ঘিরে টাঙ্গাইলে নতুন রাজনৈতিক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শুধু জামায়াত নয়—জোটের অন্যান্য শরিক দল এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জনসভা স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নেবে।

নেতাকর্মীদের মতে, এই জনসভা টাঙ্গাইলের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।