রাজবাড়ী-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের উদ্যোগে জামায়াতে ইসলামীর পক্ষে এক বিশাল নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশ শেষে রেলওয়ে মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি রেলগেট, রাজবাড়ী বড় বাজার প্রদক্ষিণ করে শ্রীপুর জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। গণমিছিলে ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে, যা স্থানীয় রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।

সমাবেশে পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. মো. হাফিজুর রহমানের সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি দেশ বাঁচানোর নির্বাচন। এই নির্বাচন দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে গণমানুষের অবস্থান জানানোর সুযোগ।

তিনি আরও বলেন, রাজবাড়ী-১ আসনের নারী-পুরুষ, শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীরা আজ দুর্নীতিবাজ ও দখলদার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে। এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান, জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মো. আলিমুজ্জামান, খেলাফত মজলিস ও এনসিপির স্থানীয় নেতারা। বক্তারা বলেন, মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে আর ভুল পথে নেওয়া যাবে না।

আয়োজকদের দাবি, সমাবেশ ও গণমিছিলে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। এই জনসমাগম রাজবাড়ী-১ আসনে নির্বাচনী লড়াইয়ে ১১ দলীয় ঐক্য জোটের শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।