বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। এই যুদ্ধ শুধু একটি স্বাধীন রাষ্ট্রই দেয়নি, দিয়েছে বেঁচে থাকার অধিকার ও ভবিষ্যৎ নির্মাণের সুযোগ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালকে ভুলে যাওয়ার বা পেছনে ফেলে দেওয়ার চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধ ছিল হিন্দু-মুসলিম নির্বিশেষে সব মানুষের সম্মিলিত সংগ্রাম। এই ইতিহাসকে সামনে রেখেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
তিনি নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সময় তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্বাধীনতার পর বাড়িতে ফিরে তিনি শুধু ধ্বংসস্তূপই পেয়েছিলেন। বাবার ব্যবসা লুট হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সংগ্রামের মধ্য দিয়েই পরিবার আবার ঘুরে দাঁড়ায়—যা পুরো জাতির অভিজ্ঞতার প্রতিচ্ছবি।
বিএনপির সাংগঠনিক ইতিহাস স্মরণ করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যখন প্রথম বিএনপির কাজ শুরু করেন, তখন দলটির তেমন কোনো শক্ত ভিত্তি ছিল না। জাতীয় পার্টির আধিপত্যের বিরুদ্ধে ছাত্রদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন। আজ সেই বিএনপি এখানে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র, অর্থনীতি ও উন্নয়নের প্রশ্নে বিএনপি সবসময় আপসহীন থেকেছে। নির্যাতন, কারাবরণ, গুলিবিদ্ধ হওয়া—সবকিছু সহ্য করেও দলটি কখনো মাথা নত করেনি।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে।