ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর অঞ্চলে সার্বিক প্রস্তুতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আসন্ন নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, অবাধ ও গ্রহণযোগ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার বর্তমান অবস্থা বিবেচনায় তিনি একটি ‘ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল’ নির্বাচনের প্রত্যাশা করছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আনসার কমান্ডারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। বৈঠকে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঠপর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করে তিনি সন্তুষ্ট। প্রায় প্রতিটি ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আনসার সদস্যরা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে। পাশাপাশি নজরদারি জোরদারে ড্রোন ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি জানান, যেসব ভোটকেন্দ্রে স্থায়ী বাউন্ডারি ওয়াল নেই, সেখানে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে ঘেরাও করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সক্রিয় উপস্থিতি ভোটকেন্দ্রের প্রাঙ্গণ পর্যন্ত বিস্তৃত থাকবে, যা আগে ছিল না। এ ব্যবস্থাকে তিনি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

আগের নির্বাচনগুলোর সহিংসতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ নেই। তিনি আশা প্রকাশ করেন, সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে নির্বাচনকালীন সময়েও শান্তি বজায় থাকবে।

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ যৌথ বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।