শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার চাওয়াকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ তুলছে বলে মন্তব্য করেছেন হাদির বড় বোন মাসুমা হাদি। তিনি বলেন, “আমরা নয়, বরং তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। বিচার চাওয়াই যদি অপরাধ হয়, তাহলে এই রাষ্ট্রে ন্যায়বিচারের কোনো মূল্য নেই।”
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার বিজয় উল্লাস চত্বরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
মাসুমা হাদি বলেন, হত্যার বিচার চাওয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে এই ন্যায়সংগত আন্দোলনকে নির্বাচনবিরোধী হিসেবে তুলে ধরছে, যাতে আসল দাবি আড়াল হয়ে যায়। “বিচারের দাবি কখনোই নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে না,”—জোর দিয়ে বলেন তিনি।
তিনি আরও বলেন, “নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার তাদের করতেই হবে। এটি কোনো দলের দাবি নয়, এটি ন্যায়বিচারের প্রশ্ন।” ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
মাসুমা হাদি তার বক্তব্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “কিছু শক্তি চায় না এই দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। তারা বিচার ও গণআন্দোলনের কণ্ঠরোধ করতে চায়।” তবে এসব চাপ ও অপপ্রচারের মধ্যেও ন্যায়বিচারের প্রশ্নে তারা আপস করবেন না বলে জানান তিনি।
বিক্ষোভ কর্মসূচিতে নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, একটি হত্যার বিচার না হলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।