চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের অংশ হিসেবে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কী উদ্দেশ্যে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানান তিনি।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সীমান্ত পথে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের প্রবণতা বেড়েছে। এসব অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দেশব্যাপী বিজিবির অভিযানে ৩৪টি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, প্রায় ২০ কেজি গান পাউডারসহ মোট ৫৪টি বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আওতাধীন এলাকায় পৃথক অভিযানে একজন আসামিসহ ৯ দশমিক ৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে দুষ্কৃতকারীরা দেশের ভেতরে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।