চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা বর্তমানে শোবিজের আলোচনার বাইরে থাকলেও ব্যক্তিজীবন ও আত্মিক চর্চা নিয়ে নিয়মিত সক্রিয়। অভিনয়জগত থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেওয়ার পর ধর্মীয় জীবনধারায় মনোযোগী হয়েছেন তিনি—এমনটাই জানান ঘনিষ্ঠ মহলে। সেই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন এই নায়িকা।

শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির ছবি শেয়ার করেন বর্ষা। পোস্টে তিনি জানান, বইটি পড়ার আগ্রহ দীর্ঘদিনের ছিল। সম্প্রতি তিনটি কপি সংগ্রহ করেছেন, যার মধ্যে দুটি তিনি নিজের বোনদের জন্য রেখেছেন। বই হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আলহামদুলিল্লাহ বলেন এবং এটিকে নিজের জন্য এক গুরুত্বপূর্ণ পাঠ হিসেবে উল্লেখ করেন।

বর্ষা লেখেন, জীবনের অনেক বিষয়ে তার জানাশোনা সীমিত হলেও এই বইয়ের মাধ্যমে কুরআন সম্পর্কে নতুন করে জানার সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদী। লেখকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এমন একটি গ্রন্থ পাঠের সুযোগ করে দেওয়ার জন্য ড. মিজানুর রহমান আজহারীর প্রতি তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং তার মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, গত বছর ওমরাহ পালন শেষে বর্ষা হঠাৎ করেই অভিনয় জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি জানান, সন্তানদের বড় করার দায়িত্ব এবং পারিবারিক অগ্রাধিকার থেকেই এ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে এখনো অটল রয়েছেন তিনি। নতুন কোনো সিনেমায় না থাকলেও মাঝেমধ্যে ফটোসেশন কিংবা সামাজিক অনুষ্ঠানে দেখা যায় তাকে।

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। পরের বছর অভিনেতা অনন্ত জলিলকে বিয়ে করেন তিনি। এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই পুত্রসন্তান—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।