ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি এবার দর্শকের সামনে হাজির হচ্ছেন এক ভিন্ন ও সাহসী চরিত্রে। ব্যক্তিগত জীবনে নয়, পর্দায় ন্যায়বিচারের দাবিতে আদালতের লড়াইয়ে নামছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’–তে কৌশানী অভিনয় করেছেন ‘জয়িতা চৌধুরী’ নামের এক নারীর চরিত্রে, যে নিজের অধিকার আদায়ে একা দাঁড়ায় সমাজ ও ব্যবস্থার বিরুদ্ধে।
সম্প্রতি সিরিজটির প্রি-টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ট্রিজারে কৌশানীর চরিত্রের দৃঢ়তা, সংযত প্রতিবাদ এবং ভেতরের ক্ষোভ দর্শকের দৃষ্টি কেড়েছে। গল্প অনুযায়ী, জয়িতা একটি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে নিয়মিত মানসিক হেনস্তা ও অবমূল্যায়নের শিকার হন। প্রথমে ছোট ছোট অপমান চুপচাপ সহ্য করলেও এক সময় তিনি আর নীরব থাকতে চান না। নিজের আত্মসম্মান ও অধিকার রক্ষায় তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন, আর সেখান থেকেই শুরু হয় তার দীর্ঘ ও কঠিন আইনি লড়াই।
এই সিরিজে জয়িতার বিপরীতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌম্য ব্যানার্জি। দুজনের চরিত্রের টানাপোড়েন ও আদালতকেন্দ্রিক নাটকীয়তা সিরিজের মূল আকর্ষণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাস্তব জীবনের কর্মক্ষেত্রের বৈষম্য, ক্ষমতার অপব্যবহার এবং একজন নারীর একক প্রতিরোধ—এই বিষয়গুলোকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প।
গত কয়েক বছর ধরেই নিজেকে ভেঙে নতুনভাবে পর্দায় উপস্থাপন করছেন কৌশানী মুখার্জি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘বহুরূপী’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর ‘কিলবিল সোসাইটি’ ও ‘রক্তবীজ ২’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় ‘আদালত ও একটি মেয়ে’ সিরিজে তার এই শক্তিশালী চরিত্র ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়েছে।
জয়দীপ মুখার্জি পরিচালিত এই সিরিজে কৌশানী ও সৌম্য ব্যানার্জির পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক সেন, রাহুল ব্যানার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, প্রতীক দত্ত ও অনিরুদ্ধ গুপ্তের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।