কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঋণখেলাপি ও ব্যাংক লুটেরাদের জন্য আগামী দিনের বাংলাদেশ হবে কঠোর ও আপসহীন। তিনি মন্তব্য করেন, “ঋণখেলাপিরা যেন আর কখনো রাষ্ট্রক্ষমতার কাছাকাছি যেতে না পারে—সেই বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
রোববার আপিল বিভাগ বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এই রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়; এটি ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আজকের আদেশে জনগণ বিজয়ী হয়েছে। এটি জালিমের বিরুদ্ধে মজলুমের জয়। যারা জনগণের টাকা লুট করে সংসদে যাওয়ার স্বপ্ন দেখে, এই রায় তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে।” এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী।
এর আগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা ‘লিভ টু আপিল’ খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ রোববার এই আদেশ দেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।
আদালতে মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল ঘোষণা করে। পরবর্তীতে হাইকোর্ট ও আপিল বিভাগেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।
হাসনাত আবদুল্লাহ বলেন, এই রায় প্রমাণ করেছে—আইনের ঊর্ধ্বে কেউ নয়, আর জনগণের অর্থ আত্মসাৎকারীদের রাজনীতিতে কোনো স্থান নেই।