নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নকল ও প্রশ্নপত্র ফাঁস আর ফিরে আসবে না। অতীতের মতো এবারও কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনার পাশাপাশি ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো সম্ভব নয়। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ—আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে তার দায়ভার বর্তমান সরকার নেবে না। তবে তার সময়ে কোনো দুর্নীতি হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
বেসরকারি শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার বিষয়টি সম্পর্কে অবগত আছে এবং সময়মতো সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।