আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রমে ব্যাপক সাড়া মিলছে। প্রবাসী বাংলাদেশি ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (ICPV) জন্য চালু করা ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠানো ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে দেশে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তাদের কাছে এখন পর্যন্ত প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট জমা পড়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন জানায়, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ব্যালটের বড় অংশ গন্তব্য দেশে পৌঁছেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভোটার সেই ব্যালট ব্যবহার করে ভোট প্রদান করেছেন। ইসির তথ্য অনুযায়ী, প্রবাসীদের জন্য পাঠানো মোট ব্যালটের সংখ্যা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ভোটদান সম্পন্ন করেছেন।
ভোট দেওয়ার পর সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমা পড়েছে ৫ লাখ ৭ হাজার ৩২৭টি ব্যালট। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি এবং রিটার্নিং কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি পোস্টাল ব্যালট।
একইভাবে দেশের অভ্যন্তরে অবস্থানরত পোস্টাল ভোটারদের মধ্যেও ভোটদানে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ পোস্টের মাধ্যমে দেশের ভেতরে থাকা ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।
ইসির তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ ভোটারদের ব্যবহৃত ব্যালটের মধ্যে ৫ লাখ ৬১ হাজার ১৩৯টি পোস্ট অফিসে জমা পড়েছে। সেখান থেকে এখন পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন বলছে, পোস্টাল ভোট ব্যবস্থায় ভোটারদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়মতো সব ব্যালট সংগ্রহ ও গণনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসি।