আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ভোটের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট যানবাহনের চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে।
আজ (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। গতকাল রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহনও সীমিতভাবে চলাচল করবে।
তবে সব ধরনের জরুরি সেবা, যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বিমানযাত্রীদের যাতায়াত সুবিধার জন্য আত্মীয়-পরিচিতিদের বিমানবন্দর যেতে বা থেকে ফেরার ক্ষেত্রে টিকিট দেখালে চলাচল করা যাবে।
প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের জন্য অনুমোদিত ছোট যানবাহনও রিটার্নিং কর্মকর্তার অনুমোদন এবং স্টিকার প্রদর্শন শর্তে চলাচল করতে পারবে। এছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক এবং টেলিকম সেবার গাড়িও বিশেষ অনুমোদন সাপেক্ষে চলতে পারবে।
জাতীয় মহাসড়ক, শহর এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের ক্ষমতা দেওয়া হয়েছে। তাঁরা প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল বা প্রয়োগ করতে পারবেন। এই ব্যবস্থা ভোটারদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করতে নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন ও সড়ক কর্তৃপক্ষের এই পদক্ষেপের মাধ্যমে ভোটের দিন শহরের সড়কে যানজট কমানো এবং ভোটারদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হচ্ছে।