পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ, জাতি ও সমগ্র মানবতার কল্যাণে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই বরকতময় রজনী আত্মশুদ্ধি ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার এক গুরুত্বপূর্ণ সময়।
পবিত্র শবে বরাত উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ হিসেবে বিবেচিত।
বাণীতে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি উল্লেখ করেন, শবে বরাত রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক বিশেষ রাত। হাদিসের বর্ণনা অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন এবং ক্ষমা প্রদর্শন করেন। এ কারণেই এই রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে গণ্য করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। আত্মসমালোচনা ও খাঁটি তওবার মাধ্যমে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং পাপাচার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলে আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ ও বরকত অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, আসুন আমরা এই পবিত্র রাতকে কেন্দ্র করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। সকল প্রকার অন্যায়, অবিচার ও কুসংস্কার পরিহার করে ইসলামের শান্তির বার্তায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করার শপথ গ্রহণ করি।
বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, হেফাজত করেন এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন।