ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোদাল প্রতীকের প্রার্থীর অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন—সাকিন (২৭), আহাদ (২৭) ও হোসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং চিকিৎসা চলছে।
ঘটনার বিষয়ে কোদাল প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, বিকেলে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ফুটবল প্রতীকের প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। তার দাবি, হামলাকারীরা পাইপ, লাঠি ও রড নিয়ে প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের ওপর চড়াও হয়।
সাইফুল হক বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমাদের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে তিনজন গুরুতর আহত হন। আমরা বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনেছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এ ধরনের সহিংসতার আশ্রয় নেওয়া হচ্ছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিল এলাকা থেকে আহত তিনজনকে জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিকভাবে আহতদের কাছ থেকে জানা গেছে, তারা কোদাল প্রতীকের প্রার্থীর সমর্থক।
তিনি আরও জানান, ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
নির্বাচনের সময় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের সংঘর্ষের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।