সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে সরকার। বিশেষ উদ্যোগের আওতায় এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় সৌদি আরব থেকে দেশে ফেরার সুযোগ পাবেন প্রবাসী কর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই কর্মসূচির আওতায় সৌদি আরব ও বাংলাদেশ রুটে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে একদিকে প্রবাসীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর্থিকভাবে লাভবান হবে।

তিনি বলেন, আগে হজ ফ্লাইট পরিচালনার সময় অনেক একমুখী ফাঁকা ফ্লাইট চলাচল করত। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই ফাঁকা ফ্লাইটগুলো কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি টাকার বেশি অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়,

  • মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা
  • মদিনা–ঢাকা–মদিনা ও জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২ হাজার টাকা

এই বিশেষ ভাড়া বাংলাদেশে আসার ক্ষেত্রে কার্যকর থাকবে ১৮ এপ্রিল থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে প্রযোজ্য হবে ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

তবে তিনি সতর্ক করে বলেন, অতীতে প্রবাসীদের জন্য নেওয়া কিছু ভালো উদ্যোগ যথাযথ তদারকির অভাবে ব্যর্থ হয়েছে। তাই এই কর্মসূচি যেন শতভাগ কার্যকরভাবে বাস্তবায়ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।