রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বিভিন্ন আবাসিক ও সংবেদনশীল এলাকায় বিশেষ ফুট প্যাট্রোল চালানো হচ্ছে।
তিনি বলেন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসিলা ও শেরেবাংলা সেনা ক্যাম্পের সদস্যরা রায়েরবাজার ও আদাবর এলাকায় অভিযান চালান। বিশেষত সম্ভাব্য ভোটকেন্দ্র এবং আশপাশের এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। এর লক্ষ্য হলো নির্বাচনের আগে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থা সৃষ্টি করা, যাতে ভোটাররা ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারেন।
সেনাবাহিনীর কর্মকর্তা আরও জানান, প্যাট্রোল চলাকালে সেনাসদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করছেন। এছাড়া ভোটকেন্দ্র ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কঠোর অবস্থানের বার্তাও পৌছে দেওয়া হচ্ছে। এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি এবং সন্তোষ প্রকাশ পায়।
স্থানীয়রা জানাচ্ছেন, সেনাবাহিনীর উপস্থিতিতে তারা নিজেদের আরও সুরক্ষিত মনে করছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন যে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।
৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ওই কর্মকর্তা জানিয়েছেন, ভোটগ্রহণ পর্যন্ত দিনের পাশাপাশি রাতের প্যাট্রোলও অব্যাহত থাকবে। এর মাধ্যমে নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমন করা হবে।
এই উদ্যোগ নির্বাচনের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করার পাশাপাশি নিরাপদ ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করবে।