রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভূঁইয়া পরিবহনের ওই বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি হাউজ বিল্ডিং এলাকার একটি স্থানে পার্কিং করা ছিল। এ সময় চালক ও সহকারী বাসের ইঞ্জিন চালু রেখেই নিচে নেমে চা পান করতে যান। তাদের অনুপস্থিতিতে বাসের ইঞ্জিন অংশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, ইঞ্জিন চালু অবস্থায় রেখে বাসটি ফাঁকা রাখা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

তিনি আরও জানান, বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির ইঞ্জিন অংশ ও সামনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, বাসটি চালানোর সময় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না এবং অবহেলার বিষয়টি তদন্ত করে দেখা হবে।