ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ দেশের ২৯৯টি আসনে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ হিসাব নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেন।
ইসি সূত্র জানায়, সারাদেশ থেকে প্রাপ্ত প্রাথমিক ও সমন্বিত তথ্য বিশ্লেষণ করে এই গড় ভোটের হার নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। একই দিনে অনুষ্ঠিত গণভোটের ভোটও এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে সকাল ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। ইসি সচিব আখতার আহমেদ সমাপনী বক্তব্যে জানান, ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা সম্পন্ন হয়েছে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশন পূর্বেই জানিয়েছিল, কিছু আসনের ফলাফল নিয়ে আদালতে মামলা চলমান থাকায় সেসব আসনের চূড়ান্ত ঘোষণা বিলম্বিত হতে পারে। গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-2, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে পৃথক তিনটি চিঠি জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছিল, বিচারাধীন বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ করা হবে না। পরবর্তীতে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হলেও ওই আসনের গেজেট প্রকাশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আইনি প্রক্রিয়া শেষ হলে বাকি আসনগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে কমিশন সার্বিক যোগাযোগ বজায় রাখছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।