দীর্ঘ ২০ বছর পর বরিশালে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এই খবরে দক্ষিণাঞ্চলজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ভোরের আলো ফোটার আগেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। অনেকেই ফজরের নামাজ আদায় করে সরাসরি মাঠে এসে অবস্থান নেন। বেলস পার্ক মাঠ পরিণত হয়েছে উৎসবমুখর রাজনৈতিক মিলনমেলায়।
বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা এই জনসভায় উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি নারী সমর্থকদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। বাবুগঞ্জ থেকে আসা মহিলা দলের নেত্রী নাসিমা বেগম ও কাকলী আক্তার জানান, প্রিয় নেতাকে একনজর দেখতে তারা আগের রাতেই বরিশালে এসে পৌঁছেছেন। তাদের ভাষায়, “ব্যক্তিগত কোনো চাওয়া নেই, আমরা শুধু একটি সুন্দর ও শান্ত বাংলাদেশ চাই।”
পিরোজপুরের নেছারাবাদ থেকে লঞ্চে করে আসা যুবদল কর্মী সাইদুল ইসলাম বলেন, “নেতা শহরে আসছেন, ঘরে বসে থাকা যায়?”—এই আবেগেই ভোরে রওনা হয়েছেন তিনি।
সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, আয়োজনের কোনো ঘাটতি নেই। মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে বাঁশ ও কলাপাতা দিয়ে। পুরো এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে সজ্জিত।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই মাঠে জনসভা করেছিলেন। প্রায় ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে বরিশালজুড়ে বিশেষ উৎসবের আমেজ তৈরি হয়েছে।
দলীয় কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছে দুপুর ১২টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।
বিএনপি নেতারা বলছেন, দক্ষিণাঞ্চলের রাজনীতিতে এই সফর নতুন গতি আনবে এবং নির্বাচনী মাঠে বড় প্রভাব ফেলবে।