ঢাকা-১১ আসনে ক্রমবর্ধমান গণসমর্থনে আতঙ্কিত হয়ে একটি মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। পোস্টে নাহিদ ইসলাম বলেন, “শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে। তবে এসব অপচেষ্টা জনগণের রায় বদলাতে পারবে না।”
এনসিপি আহ্বায়ক জানান, রোববার রাতে ঢাকা-১১ আসনের ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে স্থাপিত তার নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়। তিনি অভিযোগ করেন, গণজোয়ারে ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড ও ব্যানার ধ্বংস করছে একটি সংঘবদ্ধ মাফিয়া গোষ্ঠী।
নাহিদ ইসলাম এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি বলেন, যারা ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে তাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে রয়েছে।
তিনি আরও লেখেন, এই ধরনের কর্মকাণ্ডই প্রমাণ করে মাঠে তার পক্ষে জনসমর্থন বাড়ছে এবং প্রতিপক্ষ সেই বাস্তবতা মেনে নিতে পারছে না। ভয় থেকেই তারা সহিংসতা ও ভাঙচুরের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ ব্যালটের মাধ্যমে এসব অপচেষ্টার জবাব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের রায়েই চূড়ান্তভাবে প্রমাণ হবে কার পক্ষে এই আসনের মানুষ রয়েছে।