চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)–র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে ওমর ফারুক মাত্র ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে হেরে যান। বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ।
হারের পর কর্নেল অলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন। বার্তায় তিনি বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, তবে বিভিন্ন কেন্দ্রে কারচুপি হয়েছে। বিশেষ করে হাশিমপুর তরুণ সংঘ স্কুল, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দোহাজারী আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ে বিকেল সাড়ে ৪টার পর অচেনা কয়েকশ লোক জোরপূর্বক ব্যালট বাক্সে পেপার ঢুকিয়েছে।
তিনি আরও দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী দেরিতে তার দলের নেতা-কর্মীদের কেন্দ্রের বাইরে দায়িত্ব পালনে বাধা দিয়েছে ও মারধর করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম উদ্দিন আহমেদ মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে মিছিল করেছেন, যেখানে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের উপস্থিতি থাকা সত্ত্বেও তাকে বাধা দেওয়া হয়নি।
কর্ণেল অলি বলেন, তার ছেলে ওমর ফারুকের প্রায় সাড়ে ৪ হাজার ভোট বাতিল করা হয়েছে এবং বাতিলের কারণ দেখানো হয়নি। তিনি অভিযোগ করেন, সব পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে তার ছেলে পরাজিত হয়। তিনি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান এবং সুশৃঙ্খল থাকার পরামর্শ দেন।
পরিশেষে কর্নেল অলি বলেন, “আমার ছেলে সবসময় জনগণের পাশে থাকবে। নির্বাচনে জিতলাম কি জিতলাম না—এতে কিছু আসে যায় না। জনগণের সেবায় আমি এবং আমার পরিবার সর্বদা নিয়োজিত থাকব। দেশ ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম–১৪ আসনে জসিম উদ্দিন আহমেদ ৭৬,৪৯৩ ভোট পেয়েছেন, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক ৭৫,৪৬৭ ভোট পেয়েছেন।