বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা–১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমানকে কেন্দ্র করে ছড়ানো ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্যের তীব্র নিন্দা জানিয়েছে দলটি। একই সঙ্গে এসব গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে জামায়াতের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের প্রচারণার কোনো বাস্তব ভিত্তি নেই এবং এর লক্ষ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে যেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে সুবিধা আদায়ের লক্ষ্যেই একটি মহল এ ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

ডা. শফিকুর রহমানকে একজন সৎ, আদর্শনিষ্ঠ ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তার জনপ্রিয়তা ও ক্রমবর্ধমান জনসমর্থনে ভীত হয়েই কিছু শক্তি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ অপপ্রচারের আশ্রয় নিয়েছে। বিশেষ করে অর্থ লেনদেন বা প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগকে ‘ঘৃণ্য ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তা সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করা হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আমিরসহ দলের কোনো নেতার বিরুদ্ধে ছড়ানো এ ধরনের গুজব বিশ্বাস না করে সত্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া যাবে না।

একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট মহলকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান এবং এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলেও মন্তব্য করেন।