জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ও দলটির পরিকল্পনা উপদেষ্টা মো. জয়নাল আবেদীন শিশির প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। অজ্ঞাতনামা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে গুলি করে হত্যা করা হবে—এমন হুমকি পাওয়ার অভিযোগে তিনি রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে হাতিরঝিল থানায় এ জিডি দায়ের করা হয়। জিডিতে উল্লেখ করা হয়েছে, একই দিন বিকেল আনুমানিক ৪টা ৫৪ মিনিটের দিকে তিনি হাতিরঝিল থানাধীন নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় তার ব্যক্তিগত ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কলকারী নিজের পরিচয় গোপন রেখে তাকে যে কোনো সময় গুলি করে হত্যা করা হবে বলে সরাসরি হুমকি দেয়।
জিডি সূত্রে জানা যায়, প্রথম কলের পর একই নম্বর থেকে একাধিকবার কল ও বার্তা পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। হুমকির ভাষা ছিল স্পষ্ট ও আতঙ্ক সৃষ্টিকারী, যা তার এবং পরিবারের সদস্যদের মধ্যে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে।
জয়নাল আবেদীন শিশির জিডিতে উল্লেখ করেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এই আশঙ্কা থেকেই আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছি।”
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে উদ্দেশ্য করে এই ধরনের হুমকি দেওয়া হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান তিনি।
এ বিষয়ে হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নম্বরের তথ্য যাচাই করে হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে।