ঢাকা-১৬ আসনে ১১ দলীয় জোটের মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন অভিযোগ করেছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ায় জামায়াতের নেতা-কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তবে এসব চাপ ও হুমকি দিয়ে জামায়াতকে নির্বাচনী মাঠ থেকে সরানো যাবে না বলে স্পষ্ট ভাষায় জানান তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১২, মোল্লা মার্কেট ও আশপাশের এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল বাতেন এসব কথা বলেন। তিনি বলেন, “হুমকি-ধামকি আমাদের কাছে নতুন কিছু নয়। অতীতেও জামায়াতে ইসলামী কোনো রক্তচক্ষুর কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না—ইনশাআল্লাহ।”

আব্দুল বাতেন দাবি করেন, সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। তিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ভোটের দিনই তার প্রতিফলন দেখা যাবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিকে এগিয়ে আসছে।”

ঢাকা-১৬ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন এই জামায়াত প্রার্থী। তিনি বলেন, জনগণের এই ভালোবাসা ও সমর্থনই তার রাজনৈতিক পথচলার প্রধান শক্তি। “আমি আশাবাদী, জনগণের সেবা করার দায়িত্ব আল্লাহ তায়ালা আমাকে দেবেন,”—যোগ করেন তিনি।

গণসংযোগকালে আব্দুল বাতেন ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তার সঙ্গে ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই মাঠের উত্তাপ বাড়ছে। এর মধ্যেই জামায়াত প্রার্থীর এই বক্তব্য নির্বাচনী পরিবেশে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।