ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বড় জয় এসেছে ধানের শীষ প্রতীকে। দলটির দুই শতাধিক প্রার্থী বিজয়ী হওয়ার পাশাপাশি এবার সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবীও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলে নতুন সংসদে আইন অঙ্গনের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজয়ী আইনজীবীদের মধ্যে রয়েছেন বরিশাল-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। নোয়াখালী-১ আসনে জয় পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং নেত্রকোনা-১ আসনে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এ ছাড়া মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, টাঙ্গাইল-৮ আসনে অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন। পঞ্চগড়-১ আসনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং চট্টগ্রাম-৫ আসনে সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও বিজয়ী হয়েছেন।

অন্যদিকে পাবনা-২ আসনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আইন অঙ্গনের অভিজ্ঞ এই ব্যক্তিরা সংসদে গেলে আইন প্রণয়ন ও সাংবিধানিক বিষয়াবলিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন—এমন প্রত্যাশা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টপন্থী আইনজীবীদের উল্লেখযোগ্য উপস্থিতি নতুন সংসদে আইনি বিতর্ক ও নীতিনির্ধারণে ভিন্ন মাত্রা যোগ করতে পারে।