বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্বে শিগগিরই পরিবর্তন আসতে যাচ্ছে। চলতি মাসের শেষ দিকে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। দুই বছরের চুক্তিতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া লিপু ইতোমধ্যে বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি আর এই পদে থাকতে আগ্রহী নন। চলতি মাসের ৫ তারিখ বিসিবির কাছে পাঠানো এক চিঠিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড চেয়েছিল লিপুকে আরও দীর্ঘ সময়ের জন্য প্রধান নির্বাচক হিসেবে ধরে রাখতে। তবে পারিবারিক কিছু জটিলতার কারণে দীর্ঘমেয়াদি চুক্তিতে আগ্রহ দেখাননি তিনি। ফলে তার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধান নির্বাচকের পদটি শূন্য হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে নতুন প্রধান নির্বাচক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এরই মধ্যে বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের পক্ষ থেকে সাবেক জাতীয় দলের অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাশারকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং ক্রিকেট বোঝাপড়াকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বোর্ড।
তবে আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি বাশার। জানা গেছে, প্রস্তাবটি গ্রহণের আগে তিনি আরও কিছু সময় চেয়েছেন। দায়িত্বের পরিধি, সময়ের চাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নিতে চান। যদিও বিসিবি সূত্র বলছে, প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে তিনি ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন।
সব দিক বিবেচনায় ক্রিকেট অঙ্গনে জোর গুঞ্জন, খুব শিগগিরই বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। যদি তা হয়, তবে অভিজ্ঞ এই সাবেক অধিনায়কের হাত ধরেই নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশের জাতীয় দল নির্বাচন প্রক্রিয়া।